বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমবায় আন্দোলনের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে কৃষক ও উৎপাদনকারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব। একইসঙ্গে অর্থনৈতিক বৈষম্য দূর করে সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমবায়। রোববার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলায় কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থনৈতিক বঞ্চনার অবসান ঘটায় সমবায় আন্দোলন।
সমবায়ভিত্তিক কার্যক্রম এখন আর তেমন একটা শুনি না। সমবায় আন্দোলন কমে যাওয়ার কারণে আমরা অনেক দিক থেকে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে যাচ্ছি। সমবায় আন্দোলন একসময় যেভাবে এগিয়ে যাচ্ছিল, অগ্রগতি হচ্ছিল তা অব্যাহত থাকলে আমাদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধিত হতো। রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হলেও এর মূল ধারণার সঙ্গে প্রাচীন বাংলার স্বয়ংসম্পূর্ণ গ্রামব্যবস্থার মিল রয়েছে। সে সময় গ্রাম সমিতির মাধ্যমে তহবিল গঠন করে দরিদ্র কৃষকদের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করা হতো। আধুনিক সমবায় ব্যবস্থায় সেই ধারণাই নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
