গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের উদ্যোগে রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য দেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ৩৫টি গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়। এ ছাড়া, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিয়ে প্রকাশিত ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনাটিতে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরে সমাপ্ত গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশিত রিসার্চ আর্টিকেলের তালিকা (লিস্ট অব পাবলিকেশনস) সংকলিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে একটি স্বনামধন্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে প্রচলিত শিক্ষাদান পদ্ধতির পাশাপাশি গবেষণানির্ভর জ্ঞানচর্চা, প্রযুক্তির উদ্ভাবন এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধানে অধিক গুরুত্ব দিতে হবে।
বর্তমান বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও আন্তর্জাতিক অবস্থান নির্ধারণে মানসম্মত গবেষণা, গবেষণার প্রকাশনা ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ডুয়েটের গবেষণা কার্যক্রমকে আরও বিস্তৃত, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান করে তুলতে শিক্ষক-গবেষকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। অনুষ্ঠানে পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন প্রকল্প পরিচালকবৃন্দের জন্য গবেষণা প্রকল্পের গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন দেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, মঞ্জুরকৃত গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহযোগী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
