যাত্রা কঠিন। স্বপ্ন সীমাহীন। এর মধ্যে সফলতার ভুবনে অবিচল, তাদের একজন আলহাজ এমদাদুল হোসেন। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রেসিডেন্ট রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ছোটকাল থেকেই লক্ষ্য ছিল প্রতিষ্ঠিত হওয়ার। ছাত্রজীবন থাকাকালীন ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করেন। ব্যবসার প্রতি আগ্রহ দেখে অনুপ্রেরণা জোগান পিতা আব্দুল কাদের ও ভাই আমজাদ হোসেন।
প্রতিযোগিতামূলক ব্যবসায় প্রতিবন্ধকতার কবলে পড়লেও সকল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যান তিনি। মেধা, সততা ও পরিশ্রমের ফলে আজ তার ব্যবসার পরিধি বেড়েছে অনেকখানি। তার প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে ৩শ’ জনের। এমদাদুল হোসেন ব্যবসার পাশাপাশি স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অবদান রেখে তকমা পেয়েছেন সমাজসেবক হিসেবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’য়ের সদস্যসহ রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করে চলেছেন। সহজ শর্তে ঋণ পেতে এসএমই কনফারেন্স করে উদ্যোক্তাদের উৎসাহিত করছেন। স্বপ্ন দেখছেন রংপুরে কল-কারখানা গড়ে কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা সমাধান করার। বর্তমান সরকারের নিকট রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে এমদাদুল হোসেন মানবজমিনকে বলেন, গ্যাস সরবরাহ হলে বিসিক, ইপিজেড, কলকারখানা গড়ে উঠবে। এতে করে একদিকে ব্যবসার প্রসারতা যেমন বাড়বে, অপরদিকে বেকার সমস্যার সমাধান হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট এমদাদুল হোসেন।
