মূল্য তালিকা না থাকায় জরিমানা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার নগরীর ফলমণ্ডি ও কোতোয়ালি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোতোয়ালি মোড় এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে দারুল আমান হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ফারুকের ফলের দোকানকে ১ হাজার, সোহেলের ফলের দোকানকে ২ হাজার এবং ফলমণ্ডি এলাকার আবুল বাশারের ফলের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই এলাকায় ইয়াকুব আলী ফল বিতানকে ৩ হাজার এবং যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করায় শাহ মহাসেন আউলিয়া ফার্মকে ৬ হাজার ও মেহেদী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে কোতোয়ালি ও ফলমণ্ডি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।