কিশোরকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরে একটি অগ্নিদগ্ধের ঘটনাকে কেন্দ্র করে ১৪ বছরের কিশোরকে হত্যা মামলার এক নম্বর আসামি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হয়রানির অভিযোগ তুলে মামলা থেকে মুক্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তার মা নাজমুন নাহার। রোববার দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে নাজমুন দাবি করেন, গত ১১ই অক্টোবর তারের ভেতর থেকে তামা সংগ্রহ করতে গিয়ে আগুনে পুড়ে যায় দুই কিশোর। তাদের চিৎকার শুনে তার ছেলে তাওহিদুল ইসলাম (১৪) উদ্ধার করতে এগিয়ে যায়। পরে তিনি নিজেই তাদের হাসপাতালে ভর্তি করান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও দেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০শে অক্টোবর ঢাকায় কিশোর রাসেলের মৃত্যু হয়।

এরপর তার বাবা হারুন বাদী হয়ে নাজমুন নাহারের ছেলে তাওহিদুল ইসলামকে এক নম্বর আসামি করে মামলা করেন বলে অভিযোগ পরিবারের। মায়ের দাবি, নবম শ্রেণির শিক্ষার্থী তাওহিদের বয়স ১৪ বছর হলেও মামলায় উল্লেখ করা হয়েছে ২১শে বছর। এ ছাড়াও মামলার ঘটনার সঙ্গে তার ছেলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ছেলেকে অন্য কারও ইন্ধনে ফাঁসানো হয়েছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্‌ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি। এ বিষয়ে মামলার বাদী হারুন বলেন, আমি আমার ছেলের জবানবন্দির আলোকে মামলা দিয়েছি। সে আলোকে ন্যায়বিচার চাই। লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।