‘জাল যার জলা তার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৎস্য চাষিরা। রোববার সকালে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির নেতা আলতাব হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাঁওড়ের ১০১ জন সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে মৎস্য চাষিরা বলেন, মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড়টির প্রকৃত মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে বাঁওড়টি পরিচালনা করে আসছে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতি। কিন্তু গত ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় জোরপূর্বক বাঁওড়টি দখল করেছে। ফলে মৎস্য চাষিরা বাঁওড়ে মাছ শিকার করতে পাচ্ছেন না। মৎস্য চাষিদের মাছ ধরতে বাধা দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে ওই এলাকার প্রায় ১০১ জন ভূমিহীন সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন।
বর্তমান পরিস্থিতিতে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এই খাটুরা বাঁওড় থেকে মাছ আহরণে বাধা দূর করতে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মৎস্য চাষি সমিতির সাধারণ সদস্যরা। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মমতাজ বেগম স্মারকলিপিটি গহণ করেন।
