চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই নেতা আহত হয়েছেন। আহতরা হলেন- স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব ও যুবদলকর্মী ঘোষণা কবির। শনিবার রাত ১০টার দিকে উপজেলার হেঁয়াকো বাজারের অদূরে সরকারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এক পক্ষের কর্মী-সমর্থকরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহতদের মধ্যে ঘোষণা কবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বিপ্লব ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় বর্তমান এমপি সরোয়ার আলমগীর গ্রুপের নেতা নাসির উদ্দিন বিপ্লব ও কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী গ্রুপের ঘোষণা কবির ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কবিরকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়ভাবে জানা গেছে, আহত কবির কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী গ্রুপের বিএনপি নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে বিপ্লব স্থানীয় যুবদল নেতা। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
