গাজীপুরে আবারো কয়েকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ

ফন্ট সাইজ:

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারো বিক্ষোভ করেছে শ্রমিকরা। রোববার দুপুরে মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের জরুন এলাকার মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিলেও দুপুরের দিকে কারখানা থেকে বের হয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানার ছুটি দাবি করে ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বলে। এ অবস্থায় আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এক পর্যায়ে শ্রমিকরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে।

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। কোনাবাড়ী, জরুন ও কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে ওই কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়াও কাশিমপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলো ছুটি ঘোষণা করে কারখানার কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও জরুন সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।