‘মিস ইউনিভার্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এ বিজয়ী হয়েছেন তিনি। শনিবার রাতে রাজধানীর ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে এক জমকালো আয়োজনে মাহির নাম ঘোষণা করা হয়। গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দু’জন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। তবে এবার প্রতিযোগিতা হয়নি, সরাসরি ‘মিস ইউনিভার্স’র জন্য নির্বাচন করা হয়েছে মাহিকে। অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রংয়ের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।
আয়োজকরা জানান, ১১ই নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি। বিষয়টি নিয়ে মাহি বলেন, বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।
এদিকে, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো প্লেসমেন্ট অর্জন। মিথিলার পর এবার ‘মিস ইউনিভার্স’ বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।
