অনুতপ্ত নন্দিনী দত্ত

অনুতপ্ত নন্দিনী দত্ত

ফন্ট সাইজ:

বিগ বস বাংলার ঘরে একের পর এক বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত শো ছাড়তে হলো অভিনেত্রী নন্দিনী দত্তকে। প্রেম, ঝগড়া থেকে সহ-প্রতিযোগীদের সঙ্গে ঝগড়া- বিভিন্ন ঘটনায় বারবার চর্চায় উঠে এসেছিলেন তিনি। তবে শনিবার পরিস্থিতি চরমে পৌঁছালে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী তাকে সরাসরি বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। নন্দিনী ও সহ-প্রতিযোগী রাজবীরের মধ্যে একটি আংটিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। নন্দিনীর দেয়া আংটিটি খুঁজে না পাওয়ায় রাজবীরের ওপর ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। শুরু হয় দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রাজবীরও জড়িয়ে পড়েন বিবাদে। একপর্যায়ে নন্দিনীকে তার গায়ে হাত তুলতেও দেখা যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শো থেকে বেরিয়ে গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন নন্দিনী। সেখানে নিজের আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা চান তিনি। অনুতপ্ত এ অভিনেত্রী স্বীকার করেন, বিগ বসের বাড়িতে আবেগ ও উত্তেজনার বশে এমন কিছু ঘটনা ঘটেছে- যা কখনোই কাম্য নয়। তিনি বলেন, নিজের মত প্রকাশ ও অন্যায়ের প্রতিবাদ করলেও কিছু সীমারেখা মেনে চলা জরুরি। শুধু রাজবীর নন, বাড়ির অন্যান্য সহ-প্রতিযোগীদের কাছেও ক্ষমা চেয়েছেন নন্দিনী। পাশাপাশি দর্শকদের ভালোবাসা, সমর্থন ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন অভিনেত্রী।