একসময় নদীর পাড়ে ছিল ফুলের বাগান। সাজানো গাছপালা, বসার জায়গা আর বুড়িগঙ্গার বুকে লঞ্চের আসা-যাওয়া দেখার সুযোগ। সদরঘাট লঞ্চ টার্মিনালের ব্যস্ততা, মানুষের ভিড় আর কোলাহলের মধ্যে ছোট্ট এই জায়গাটি ছিল স্বস্তির এক টুকরো পরিসর। স্থানীয়ভাবে পরিচিত ছিল সদরঘাট মিনি পার্ক বা ফুলের পার্ক নামে। লঞ্চের অপেক্ষায় থাকা যাত্রী, পরিবারের সদস্যদের নিয়ে আসা যাত্রী সাধারণ, আশপাশের ও ঘাট এলাকার মেহনতি মানুষ সেখানে বসে বিশ্রাম নিতেন। কিন্তু সেই জায়গাতেই গড়ে উঠেছে বাণিজ্যিক রেস্তরাঁ ‘নদী কথা’। অন্তর্বর্তীকালীন সরকারের সময় লাইসেন্স দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের দাবি সামান্য কিছু অর্থের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশ্রামের জায়গায় রেস্তরাঁ করার অনুমোদন দিলো কীভাবে? তাও আবার মাসিক ৫ হাজার টাকারও কমে, বাৎসরিক ৫৮ হাজার ৮৯ টাকায়।
সূত্র জানায়, ২০ লাখ টাকা জামানত দেয়ার শর্ত থাকলেও ১০ লাখ টাকা না দিয়েই চালু করে ‘নদী কথা’ নামে এই রেস্টুরেন্ট। সম্প্রতি জামানতের ওই টাকা না দেয়ার জন্য সংস্থার চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার মানবজমিনকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ‘নদী কথা’ রেস্টুরেন্টকে বরাদ্দ দেয়া হয়েছে। তবে অনুমোদনের শর্ত ও রেস্টুরেন্ট পরিচালনায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের অনুমোদনের কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হননি। এমনকি তথ্য অধিকার আইনে আবেদন করে সাতদিনেও মিলেনি তথ্য।
বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন জানান, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় অনেকটা তড়িঘড়ি করেই ‘নদী কথা’ ক্যাফে নামে চাইনিজ-থাই-বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সোহাগ গাজীকে বরাদ্দ দেয়া হয়েছে।
সরজমিন দেখা যায়, একদিকে বুড়িগঙ্গার বুকে সারি সারি লঞ্চ, ছোট নৌকার ছুটে চলা, নদীকেন্দ্রিক মানুষের কর্মব্যস্ততা। অন্যদিকে নদীর তীরে ফুল, গাছপালা ও বসার জায়গা- এই দুইয়ের সমন্বয়ে ফুলের পার্কটি আলাদা আকর্ষণ তৈরি করেছিল। নদীর দৃশ্য উপভোগ করার পাশাপাশি কিছুক্ষণ বসে থাকা, পরিচিতজনদের সঙ্গে কথা বলা কিংবা লঞ্চ ছাড়ার আগের সময়টুকু কাটানোর সুযোগ ছিল সেখানে।
ক্ষুব্ধ যাত্রী ও মেহনতি মানুষ: লঞ্চযাত্রী রবিন হোসেন বলেন, সদরঘাটে লঞ্চ ধরতে এসে অনেক সময় আগেই পৌঁছাতে হয়। আগে ফুলের পার্কে বসে কিছুটা সময় কাটানো যেতো। এখন সেখানে রেস্তরাঁ হওয়ায় সেই সুযোগ নেই। যাত্রীদের সুবিধার বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত ছিল। পরিবার নিয়ে চাঁদপুর যাওয়ার জন্য সদরঘাটে এসেছেন ফরিদগঞ্জের মোস্তফা কামাল। সঙ্গে বৃদ্ধ মা ও ছোট দুই শিশু। বিশ্রামের জায়গায় রেস্তরাঁ দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নদীর পাড়ে একটু বসার জায়গা ছিল। সেই জায়গাটিও ভাড়া দিতে হবে! সরকারের কি টাকার এতই অভাব? পার্কটি সাধারণ মানুষের স্বস্তির জায়গা ছিল। এখন সেটিও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। নিয়মিত নৌপথের যাত্রী মাসুদ বলেন, সদরঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। এখানে যাত্রীদের জন্য বিশ্রামের জায়গা বাড়ানো দরকার ছিল। অথচ উল্টো সেখানে রেস্তরাঁ করা হয়েছে। লঞ্চের জন্য অপেক্ষা করা যাত্রীরা এখন কোথায় গিয়ে বসবেন?
