রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একই সময়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছুড়ে পালানোর সময় সন্দেহভাজন দু’জনকে আটকের পর মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২ টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলে একইসঙ্গে কাছাকাছি সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।
এদিকে এর কাছাকাছি সময়ে রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের সামনে, শাহবাগ মেট্রো স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
