দেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণায় অর্থায়ন বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি হস্তান্তর কার্যালয় (টিটিও) প্রতিষ্ঠা এবং স্টার্টআপ ইনকিউবেটর গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টিতে গবেষণার ফলাফল শিল্প ও উৎপাদন খাতে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছে সংস্থাটি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, গবেষণার পরিধি শুধু গবেষণাপত্র লেখা ও প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গবেষণার ফলাফল বাস্তব জীবনের সমস্যা সমাধান, প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে কাজে লাগাতে হবে। গবেষণার সাফল্য প্রকাশনার পাশাপাশি প্রোটোটাইপ তৈরি ও মেধাস্বত্ব সংরক্ষণের মাধ্যমেও মূল্যায়ন করা প্রয়োজন।
রোববার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী ‘পঞ্চম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রযুক্তি, সফটওয়্যার ও পরামর্শসেবার জন্য এখনো বিদেশের ওপর নির্ভরশীল। অথচ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এসব সমস্যার দেশীয় সমাধান দেয়ার সক্ষমতা রয়েছে। চট্টগ্রাম বন্দরের সরবরাহব্যবস্থা, তৈরি পোশাক কারখানায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার দক্ষতা বাড়ানোর মতো ক্ষেত্রে গবেষণার প্রয়োগ সম্ভব।
তিনি জানান, প্রযুক্তি হস্তান্তর কার্যালয়ের মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তির পেটেন্ট ও মেধাস্বত্ব সংরক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্টার্টআপ ইনকিউবেটরে কৌশলগত অনুদান দিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে ব্যবসায়িক উদ্যোগে রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে।
আইআইইউসির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে গবেষণায় জোর ইউজিসির
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩০ মিনিট আগে
৮ নভেম্বর (রবিবার), ২০২৬, ৬ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
