ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত, নিখোঁজ এক ক্রু

ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত, নিখোঁজ এক ক্রু

ফন্ট সাইজ:

ইন্দোনেশিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার পানি সংগ্রহের সময় নদীতে বিধ্বস্ত হয়েছে। ৮ই নভেম্বর বোর্নিও দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। এর পর দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন একজন। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। দক্ষিণ কালিমান্তান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। কয়েক দিনের মধ্যে দাবানল নেভানোর কাজে নিয়োজিত হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৪ঠা নভেম্বর বোর্নিও দ্বীপের উপকূলীয় পানিতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র বার্টন পানজাইতান জানিয়েছেন, ৮ই নভেম্বরের দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই অস্ট্রেলীয় নাগরিক নিরাপদ রয়েছেন। তবে হেলিকপ্টারের তৃতীয় ক্রু সদস্য, একজন ইন্দোনেশীয় নাগরিক নিখোঁজ।

নাটকীয় ভিডিও ফুটেজে দেখা গেছে, বারিতো নদী থেকে হেলিকপ্টারটি বালতি দিয়ে পানি সংগ্রহ করার পর ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। একপর্যায়ে নাকের দিক সামনের দিকে রেখে পানিতে আছড়ে পড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া কয়েক মাস ধরে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছে। সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এর ফলে সৃষ্ট ঘন ধোঁয়া প্রতিবেশী মালয়েশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে। ৮ই নভেম্বরের দুর্ঘটনা সম্পর্কে মুখপাত্র বার্টন বলেন, বিমানবহর যখন পানি ছিটিয়ে আগুন নেভানোর অভিযান চালাচ্ছিল, তখন এই দুর্ঘটনা ঘটে।