ভুল পরিচয়ে গ্রেপ্তার, ১০ মাস কারাভোগের পর মুক্তি পাচ্ছেন আলমাস

ভুল পরিচয়ে গ্রেপ্তার, ১০ মাস কারাভোগের পর মুক্তি পাচ্ছেন আলমাস

ফন্ট সাইজ:

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কারা কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।
এর আগে গত ৫ নভেম্বর হাইকোর্টে দাখিল করা বিচারিক অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, অস্ত্র মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ বিচারপ্রক্রিয়ার শুরু থেকেই পলাতক। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। অন্যদিকে, কারাগারে থাকা মো. আলমাস ঢাকার দোহার উপজেলার কুসুমহাটির বাসিন্দা শেখ খলিলের ছেলে। তিনি ওই মামলার আসামি নন।
মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ ঢাকার দোহারের নয়াবাড়ী ইউনিয়নের পূর্ব ধোয়াইর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। মিরপুর থানার অস্ত্র আইনের মামলায় তার ১০ বছরের সাজা হয়। কিন্তু নাম ও ঠিকানার মিল থাকায় নিরপরাধ আলমাসকে ওই মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করেন মো. আলমাস।