নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ

অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি

নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ

ফন্ট সাইজ:

অগ্নিনরাপত্তার ঘাটতির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) সালাত আদায়সহ সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস। গত শুক্রবার জুমার নামাজের ঠিক আগে এই পদক্ষেপ নেওয়ায় সেখানে উপস্থিত শত শত মুসল্লি নামাজ আদায় না করেই ফিরে যেতে বাধ্য হন।
জানা গেছে, সম্প্রতি পাওয়া কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফায়ার ডিপার্টমেন্ট ও সংশ্লিষ্ট সিটি সংস্থাগুলো মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনে আসে। তদন্তে জেএমসির সম্প্রসারণাধীন ভবনে অগ্নিনির্বাপণের স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা না থাকার বিষয়টি উঠে আসে। সিটি কর্তৃপক্ষের মতে, স্প্রিংকলার ব্যবস্থা না থাকায় মুসল্লিদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং এটি স্থাপন না হওয়া পর্যন্ত ভবনটির কার্যক্রম বন্ধ রাখতে হবে। ফায়ার ডিপার্টমেন্টের ভাষ্য অনুযায়ী, স্প্রিংকলার স্থাপনের কাজ শেষ করে তা পরিদর্শনের জন্য জানানো হলে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে স্থানীয় সময় শনিবার জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম ‘মানবজমিন’কে জানান, ভবনে স্প্রিংকলার স্থাপনের কাজ দ্রুতগতিতে চলছে। যত দ্রুত সম্ভব নিরাপদে সালাত আদায় এবং নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করতে তারা নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এবং শহরের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছেন।
এছাড়া সোমবার মেয়রের দপ্তরে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রতি ওয়াক্তের নামাজের সময় অন্তত ২০ থেকে ৩০ মিনিটের জন্য হলেও যেন সেন্টারটি খোলা রাখার সুযোগ দেওয়া হয়, বৈঠকে সে ব্যাপারে অনুরোধ জানানো হবে।