পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে পিরোজপুরের পুলিশ সুপার মো. মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনই নিহতের নাম-পরিচয় প্রকাশ করছে না। তিনি বলেন, গত শুক্রবার বিকালে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে গলাকাটা ও মস্তকবিহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, ধারণা করছি লাশটির পরিচয় শনাক্ত হয়েছে। লাশের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে পরিচয় শনাক্ত করলে দ্রুত আইনি কার্যক্রম চালিয়ে যেতে পারবো। পুলিশ সুপার বলেন, লোমহর্ষক এ হত্যাকাণ্ডের তদন্তে পিবিআই, সিআইডি ও র্যাব কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থলের আশপাশের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই যুবককে অপহরণ করে নির্জনস্থানে এনে হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের আরটিআর মোটরসাইকেলযোগে তিন যুবক মামুনের ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ভাটার এক কর্মচারী নদীর পাড়ে মস্তকবিহীন লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নেছারাবাদে মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১৫ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
