কাঁদছে চকরিয়া

সৌদি আরবে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

কাঁদছে চকরিয়া

ফন্ট সাইজ:

সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মিশনের তথ্য অনুযায়ী, নিহতদের কয়েকজন সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানিতে কাজ করতেন। এই মৃত্যু সংবাদে কাঁদছে গোটা চকরিয়া।
নিহতদের মধ্যে রয়েছেন ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রীও দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ছাড়া মক্কায় কর্মরত কোম্পানিটির স্টোরকিপার শাহ আলম ও তার এক মাস বয়সী কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে শিশু এবং ইলিয়াসের স্ত্রীর নাম জানা যায়নি।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, একটি ব্যক্তিগত গাড়িতে করে তারা মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে দীর্ঘ মহাসড়কে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ও উদ্ধারকারীদল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহগুলো মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদেহগুলো দ্রুত দেশে স্বজনদের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতদের বিস্তারিত তথ্য জানা যায়নি। চকরিয়া ও মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন, তারা দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাননি।