হাম উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৮০

ফন্ট সাইজ:

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৫ জন। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও ঢাকা বিভাগে দুজন করে মারা গেছেন। বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২০৬ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ৯৮৮ জন। এ সময়ে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩২৩ জন, চট্টগ্রামে ১৬৩, সিলেটে ১৪২, বরিশালে ৯৭, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪০ এবং রংপুর ও রাজশাহী বিভাগে ৩৩ জন করে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন। বুলেটিনের তথ্য বলছে, চলতি বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ২৪ হাজার ৩৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।