চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন। এবারই প্রথম কোনো সিনেমাতে অভিনয় করলেন। নাম ‘গ্যাপ’। এটি নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। পরিচালকের ভাষ্যমতে, এটি বাংলাদেশের প্রথম এআই সিনেমা। প্রযুক্তির বৈপ্লবিক জোয়ারে বিশ্ব চলচ্চিত্রের চেহারা যেমন বদলে যাচ্ছে, সেই বদলে যাওয়াটা ঘটছে বাংলাদেশের ক্ষেত্রেও। সেই ধারাবাহিকতাতেই মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করলেন প্রথম এআই স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাপ’। এরই মধ্যে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সিনথিয়া ইয়াসমিন অভিনয় করেছেন মীরা চরিত্রে। তিনি বলেন, দেশের প্রথম এআই সিনেমাতে আমি অভিনয় করেছি, একটা ইতিহাসের সঙ্গে আমার যুক্ত থাকা- এটা যে আমার জন্য কতো বড় প্রাপ্তি এবং অনেক ভালো লাগার। এ সিনেমায় অভিনয়ের জন্য আমাকে পাঁচদিন শুটিং করতে হয়েছে।
এরপর এআই’কে কাজে লাগানো হয়েছে। গল্পটা ভীষণ সুন্দর; যা দর্শকের কাছে ভীষণ ভালো লাগবে বলেই বিশ্বাস। সিনথিয়া জানান, নাটকের শুটিংয়ে টানা ব্যস্ততা যাচ্ছে তার। সালাহউদ্দিন লাভলুর ‘ফুলগাঁও’ ধারাবাহিক নাটকে তিনি অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। এ ধারাবাহিকটি রয়েছে প্রচারের অপেক্ষায়। এ ছাড়াও রুমান রুনির পরিচালনায় তিনি মোশাররফ করিমের সঙ্গে ‘হাঁড়ির খবর’ নাটকে অভিনয় করেছেন। এদিকে, বাংলাদেশের একজন নৃত্যশিল্পী হয়ে এরই মধ্যে গত আগস্টে ফ্রান্সের বিভিন্ন স্টেটে ‘মহুয়া পালা’য় মহুয়ারূপে পারফরম্যান্সে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন সিনথিয়া। উল্লেখ্য, সিনথিয়া ইয়াসমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞানে ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে মাস্টার্স সম্পন্ন করেন। কিছুদিন আগে তিনি সেরা নৃত্যশিল্পী হিসেবে ‘নৃত্যকলা সম্মাননা ২০২৬’-এ ভূষিত হন। ‘নৃত্যাঙ্গন’ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়।
