গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ফন্ট সাইজ:

বছর কয়েক ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। তাদের বিচ্ছেদের গুঞ্জনও বারবার উঠে এসেছে সংবাদমাধ্যমে। তবে সমস্ত জল্পনাকে পেছনে ফেলে ফের একসঙ্গে দেখা গেল বলিউডের এ তারকা দম্পতিকে। সম্প্রতি মুম্বইয়ে পোশাকশিল্পী মনীশ মালহোত্রার দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে প্রবেশ করলেন অভিষেক ও ঐশ্বরিয়া। হাসি দিয়ে একসঙ্গে ছবি তুললেন তারা। আয়োজিত এই তারকাখচিত অনুষ্ঠানে বলিউডের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কাজল এবং জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা অনুষ্ঠানে যোগ দেন।

তবে সবার নজর ছিল অভিষেক-ঐশ্বরিয়ার দিকে। এ দিন কালো শেরওয়ানিতে দেখা যায় অভিষেককে। অন্যদিকে, লাল শাড়ি ও সোনালি পাড়ে নজর কাড়েন ঐশ্বরিয়া। লাল গালিচায় দু’জনে একসঙ্গে ছবিও তোলেন। আলোকচিত্রীদের একক ছবি তোলার অনুরোধে অবশ্য সাড়া দেননি তারা। বরং একসঙ্গেই ছবি তোলেন তারকা দম্পতি। উল্লেখ্য, ২০০০ সালের একটি ফটোশুটের মাধ্যমে তাদের পরিচয়। পরে ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘ধুম-২’ ছবিতে একসঙ্গে কাজ করেন তারা। ২০০৭ সালের ২০শে এপ্রিল মুম্বইয়ে বচ্চন পরিবারের বাসভবনে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বরিয়া।