আনোয়ারায় ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় সুমি দেবী নামে এক নারীর বসতঘরে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামের কাজল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ৫ জনের নাম উল্লেখ করে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মাস্টার মৃণাল নাথের ছেলে সরোজ নাথ (২৫) ও জয় নাথ (৩০)-এর নেতৃত্বে তাদের পিতা মাস্টার মিলন নাথ (৬৫), কমল কৃষ্ণ নাথের ছেলে কাঞ্চন নাথ (৩৮) এবং মৃত ক্ষেত্রমোহন নাথের ছেলে বানেশ্বর নাথ (৪৫)সহ অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে সুমি দেবী, বিপ্লব নাথ ও বৈকুণ্ঠ নাথের বসতভিটায় অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরের টিন, দরজা-জানালা ব্যাপক ভাঙচুর করে। বাধা দিতে গেলে হামলাকারীরা বাদী সুমি দেবীকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া হত্যার উদ্দেশ্যে তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা ঘরে ঢুকে বাদীর মেয়ের বিয়ের জন্য রাখা আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় সুমি দেবীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত সুমি দেবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রায় দুই মাস আগে প্রধান অভিযুক্ত সরোজ নাথ অজ্ঞাত কয়েকজনকে নিয়ে বাদীর স্বামী টিটু নাথের দোকানে হামলা ও লুটপাট চালায়। ওই ঘটনায় প্রতিবাদ করলে টিটু নাথকে বিভিন্নভাবে হুমকি দেয়। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন