হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি

হৃদয়ের ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি

ফন্ট সাইজ:

অবিশ্বাস্য! অনবদ্য! ধুঁকতে থাকা বাংলাদেশকে একাই পথ দেখাচ্ছেন তাওহীদ হৃদয়। প্রথম টাইগার ব্যাটার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন তিনি। সেইসঙ্গে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নিলেন হৃদয় (২২৩*)। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৫৬ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের সঙ্গে সমতা করেছে বাংলাদেশ, এখন সময় লিড নেয়ার।

জোমেল ওয়ারিক্যারনের বলে সিঙ্গেল নিয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। বাংলাদেশের হয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে হৃদয়ের ইনিংসই সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল মুমিনুল হকের ১৮১। বাংলাদেশের স্রেফ চতুর্থ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির এই কীর্তি গড়লেন তিনি। অন্য তিনজন মুশফিকুর রহীম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাসকিনের সঙ্গে নবম উইকেটের জুটিতে হৃদয় যোগ করেছেন ৩৯ রান। সেখানে ২ রানের অবদান তাসকিনের।

টেস্টে এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল মুশফিকুর রহীমের ২১৯*। এই রেকর্ড ভাঙার পথে হৃদয় একে একে পেছনে ফেলেন সাকিব আল হাসান (২১৭) ও তামিম ইকবালকে (২০৬)।

টেস্টে আগের চার ইনিংসে হৃদয়ের সর্বোচ্চ রান ছিল ৪২। এবার দলের চরম বিপদে ত্রাতা হয়ে আসলেন তিনিই। যদিও হৃদয়ের মাইলফলক গড়ার পরের বলেই ফিরতে পারতেন তাসকিন। তবে তার ক্যাচ মিস করেন জাস্টিন গ্রেভস। একই ওভারে ফিরতে পারতেন হৃদয়ও। তার ব‍্যাটের কোনায় লেগে যাওয়া ক‍্যাচ হাতছাড়া করেন উইকেটকিপার আমির জাঙ্গু।