শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না তপু বর্মণের- এমনটাই আভাস দিচ্ছে দলের পরিস্থিতি। চোটের ব্যথা কিছুটা কমলেও অধিনায়ককে নিয়ে এখনই ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে সরাসরি সেমিফাইনালেই মাঠে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে। তপুকে পুরোপুরি ফিট করেই নকআউট পর্বে খেলাতে চান কোচ থমাস ডুলি। জামাল ভূঁইয়ার পরিবর্তে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তপু। তাকে অধিনায়ক করেই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছিলেন কোচ ডুলি। কিন্তু শেষ মুহূর্তে পুরোনো চোটের ব্যথা ফিরে আসায় মাঠে নামা হয়নি তার। ওয়ার্মআপের সময় ব্যথা অনুভব করায় একাদশ থেকে ছিটকে যান তপু। তার পরিবর্তে খেলেন কাজিম শাহ কিরমানি।
ইনজুরির কারণে এর আগে আসিয়ান কাপেও খেলতে পারেননি এই ডিফেন্ডার। ভুটান ম্যাচের আগে সেই চোটের জায়গায় আবারও ব্যথা অনুভব করেন তিনি। ফলে অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হয় বাংলাদেশকে। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে আগামীকাল মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। ওই ম্যাচে ভুটান হারলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে তপুকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। বরং সেমিফাইনালের আগে তাকে পুরোপুরি চোটমুক্ত করে তোলাই ডুলির পরিকল্পনা। দলের একটি সূত্র জানিয়েছে, তপুর ব্যথা আগের চেয়ে কমেছে। শ্রীলঙ্কা ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার সুযোগ রয়েছে তার। ভুটান ম্যাচের পর তপুর চোট নিয়ে ডুলি জানিয়েছিলেন, ‘আগের দিন সে পায়ে হালকা ব্যথা অনুভব করেছিল। গতকাল তার খেলার সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। কিন্তু ওয়ার্মআপ করার পর সে জানায়, তার পক্ষে খেলা সম্ভব হবে না।’ গতকাল অবশ্য তপুকে নিয়ে নতুন করে কোনো মন্তব্য করেননি ডুলি। দলের মিডিয়া ম্যানেজার আমের খান জানিয়েছেন, তপুর ব্যথা কিছুটা কমেছে।
তবে এখনো পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন। আমের খান বলেন, ‘তপুর ব্যথা কিছুটা কমেছে। ও পর্যবেক্ষণে আছে। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করছেন। আশা করি, শ্রীলঙ্কা ম্যাচের আগেই ও সুস্থ হয়ে উঠবে।’ গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে তপু উপস্থিত থাকলেও মুল দলের সঙ্গে দেখা যায়নি তাকে। আলাদা করে তাকে সারিয়ে তোলার কাজ করছিলেন দলের ফিজিও আবু সুফিয়ান।
