দক্ষিণ আফ্রিকা সফরে অনিশ্চিত সাদমান

ফন্ট সাইজ:

চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ওপেনার সাদমান ইসলাম। মেহেদি হাসান মিরাজের বলে শট ফাইন লেগ দিয়ে ফ্লিক করেছিলেন আমির জাঙ্গু। বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোটে পড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। বা পায়ের গোড়ালিতে চোট পান তিনি। যে কারণে তাকে ছাড়া ব্যাটি করতে নামে বাংলাদেশ দল। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, ব্যথা সারিয়ে জাতীয় দলে ফিরতে সাদমানের তিন থেকে চার সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে বিকল্প ওপেনার নিয়ে দক্ষিণ আফ্রিকা যেতে হতে পারে নাজমুল হোসেন শান্তকে। সেভাবে প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল নির্বাচক প্যানেলও। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৭৮তম ওভারে বাউন্ডারি লাইনে স্লাইড ফিল্ডিং করতে গিয়ে ভারসাম্য হারান সাদমান। গোড়ালি মচকে যাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিক শুশ্রূষা শেষে এমআরআই করতে হাসপাতালে নেয়া হয় টাইগার ওপেনারকে।

বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম জানান, ‘সাদমানের বাঁ গোড়ালি মচকে গেছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার এমআরআই করাবো।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেডিক্যাল বিভাগ জানায়, স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর বাকি সিদ্ধান্ত নেয়া হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট শেষ খেলে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন ক্রিকেটাররা। ১০ ও ১১ই নভেম্বর ক্রিকেটার ও কোচিং স্টাফরা ভাগ হয়ে দেশটিতে যাবেন। সেক্ষেত্রে ওপেনিংয়ে নতুন সদস্য চূড়ান্ত করে শিগগিরই টেস্ট দল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। ১৮ থেকে ১৯শে নভেম্বর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম আর ২৩ থেকে ২৭শে নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।