চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় ফ্লাইওভারের উপর থেকে দু’টি সরকারি স্থাপনা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। হামলাকারীদের খুঁজে বের করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর ফ্লাইওভারের ওপর থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবন ও চান্দগাঁও ভূমি অফিসের দিকে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর মধ্যে এলজিইডি ভবনের সামনে পড়া দু’টি বোমা মাটিতে আঘাত লেগে ভেঙে যায়। তবে সেগুলোতে আগুন ধরেনি। অন্যদিকে, ভূমি অফিসের সামনে পড়া বোমাটিতে আগুন জ্বলে ওঠে। পরে অফিসের পরিচ্ছন্নতাকর্মীরা আগুন নিভিয়ে সেটি নালায় ফেলে দেন। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে একই সময়ে দু’টি সরকারি স্থাপনা লক্ষ্য করে এমন হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ঘটনাস্থলের আশপাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কার্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও ষোলশহর রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, ফ্লাইওভারের উপর থেকে পেট্রোল বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।
হামলাকারীদের খুঁজছে পুলিশ
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে দুই সরকারি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
