ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ফন্ট সাইজ:

নাটোরের সিংড়ায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিংড়ার জামতলীর আজরদুর্গা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম। নিহতরা হলেন- আবু বক্কর সিদ্দিক বগুড়া গাবতলীর রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে এবং মো. বেলাল কামারচট্ট এলাকার সাবেদ আলী সকিদার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তার মামার জানাজায় যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহত বেলালকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রাতে তারও মৃত্যু হয়। ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।