চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের প্রতিরোধ, সঠিক সময়ে শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. রাজীব ভৌমিক। তিনি ডেঙ্গু রোগের লক্ষণ, সম্ভাব্য জটিলতা, সময়মতো রোগনির্ণয়, চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগীর যথাযথ পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত তুলে ধরেন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট,
মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিলেন। সেমিনারে ডেঙ্গু রোগীদের চিকিৎসায়
সচেতনতা, সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ এবং রোগীর নিবিড় পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসক ও নার্সদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু রোগীদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
