উখিয়া-টেকনাফ থেকে ইয়াবা ব্যবসা ও মানব পাচার চিরতরে বন্ধ করার দাবি জানিয়েছেন উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। তিনি বলেছেন, কোথায় মানবপাচার হচ্ছে, কোথায় ইয়াবা ব্যবসা চলছে- তার তালিকা তৈরি করতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। প্রয়োজনে উখিয়া-টেকনাফের জনগণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। তবুও এ দুই অপরাধ বন্ধ করতে হবে। শুক্রবার বিকালে টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক তিতাস শেখ নিহতের প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে উখিয়া-টেকনাফ ইয়াবার স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল।
সেই দুর্নাম ঘোচাতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য যখন কাজ করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর একজন সদস্যকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ হত্যাকাণ্ড শুধু একজন সেনাসদস্যকে হত্যা নয়, এটি ১৮ কোটি মানুষের হৃদয়ে আঘাত করার শামিল। বাংলাদেশের মানচিত্রের ওপর আঘাতের শামিল। ইয়াবা ও মানবপাচারকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের কোনো ছাড় দেয়া যাবে না। বিক্ষোভ মিছিলে উখিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
