জনগণের ভূমি সেবা গ্রহণে ভোগান্তি দূর করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

জনগণের ভূমি সেবা গ্রহণে ভোগান্তি দূর করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। যেই সেবা নিয়ে জনগণের কোনো প্রশ্ন কিংবা অভিযোগ থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে। গতকাল সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী যশোর পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। জনগণের কষ্ট এবং অভিযোগের জায়গাগুলো সরকার কমিয়ে আনতে চায়।

প্রধানমন্ত্রী তার সরকারকে গণমুখী সরকারে রূপান্তরিত করতে চান। তিনি বলেন, ভূমি অফিস একটি গুরুত্বপূর্ণ জায়গা। সরকার নির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত একটি টাকাও নেয়া যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। এদিকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী স্মরণে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।