সীতাকুণ্ডে মহাসড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফন্ট সাইজ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ পার্কিং ও দখলদারিত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও যাত্রীরা। তাদের প্রশ্ন, মহাসড়কের অনিয়ম বন্ধ না করে স্পিড ব্রেকার স্থাপন কতোটা যৌক্তিক। শুক্রবার মহাসড়কের বিভিন্ন স্থানে দৃশ্যমান অবৈধ পার্কিং না থাকলেও সড়কের পাশে অবৈধ দখল ও স্পিড ব্রেকার স্থাপন নিয়ে অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের মতে, যত্রতত্র স্পিড ব্রেকার স্থায়ী সমাধান নয়, বরং অবৈধ পার্কিং, দখলদারিত্ব ও অন্যান্য অনিয়ম বন্ধ করাই জরুরি।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ পার্কিং, শিল্পকারখানাকেন্দ্রিক অব্যবস্থাপনা এবং প্রভাবশালীদের অনিয়মের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অনিয়মের সঙ্গে যোগসাজশ ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এসআই মো. শামীম বলেন, মহাসড়কের দুই পাশে অবৈধভাবে জায়গা দখল করে গড়ে ওঠা প্রতিষ্ঠান ও দোকানপাট শিগগিরই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হলে যানজট ও দুর্ঘটনা অনেক কমে আসবে বলে আশা করছি।