সিলেটে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকা থেকে নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম। কয়েকদিন আগে তিনি আমেরিকা সফর করে এসেছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল নুরুল ইসলামের মরদেহ। মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া গেছে। ওই বাসায় নুরুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

দ্বিতীয় তলায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন মানবজমিনকে জানান, ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত নেমেছে। তিনি বলেন, আগেও ওই ব্যক্তি একবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। বাসায় তিনি ও তার স্ত্রী বসবাস করেন। নুরুল ইসলামের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কিনা, তা ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর জানা যাবে।