হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদে সাধারণ মানুষের বিচারপ্রাপ্তি সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদভিত্তিক এ আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে সুনামগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে জামালগঞ্জ উপজেলা। উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম আদালতের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে নতুন মামলা হয়েছে ৩৯টি। আগের মামলাসহ এ সময়ে নিষ্পত্তি হয়েছে ৫৩টি। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালতকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকায় এসব বিষয়ে সাধারণ মানুষকে দূরবর্তী আদালতে যেতে হচ্ছে না। এতে সময় ও যাতায়াত খরচ কমার পাশাপাশি হয়রানি ও ভোগান্তিও কমছে।
বিশেষ করে হাওরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য সহজে বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। জামালগঞ্জ উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী হাফসা রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদকের দিকনির্দেশনা এবং প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার বলেন, মাত্র ১০ টাকা খরচে তিন মাসের মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এ আদালত থেকে সেবা পাচ্ছেন। বিচারিক কার্যক্রমে বাদী-বিবাদী উভয়পক্ষই সন্তুষ্ট থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিচারপ্রাপ্তি সহজ করা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধ স্বল্প সময়ে ও সহজ পদ্ধতিতে নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে।
