চকরিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে রুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিককে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। নিহত রুমা ওই এলাকার বাসিন্দা বাহাদুরের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে সেই বিরোধের জেরে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে রুমাকে মারধর করলে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিককে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহত পরিবরের পক্ষ থেকে লিখিত এজাহার জমা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।