সিলেট টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলের নির্ভরযোগ্য ওপেনার সাদমান ইসলাম। প্রাথমিক চিকিৎসা ও স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো এই ব্যাটার প্রথম ইনিংসে দলের হয়ে ব্যাট করতে পারবেন না বলে নিশ্চিত করেছেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
মেহেদী হাসান মিরাজের করা বলটি আমির জাঙ্গু লেগ গ্ল্যান্স করলে ফাইন লেগের দিকে চলে যায়। সেই বল বাঁচাতে গিয়ে বাউন্ডারি লাইনে স্লাইড করেন সাদমান। ঠিক সেই মুহূর্তে ঘাসে পা পিছলে বাঁ গোড়ালিতে মারাত্মক আঘাত পান তিনি। মাঠে প্রচণ্ড ব্যথায় লুটিয়ে পড়ার পর দ্রুত দলের ফিজিও ও সতীর্থরা ছুটে যান। অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
দিন শেষে ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে এবং পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি ও স্ক্যান করানো হয়েছে। আগামীকাল স্ক্যানের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে রিহ্যাব কতদিন লাগতে পারে। তবে এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থানে নেই।’
সাদমানের এই ছিটকে যাওয়া বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বড় এক ধাক্কা হয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনকাশন বা মাথা-ঘাড়ের আঘাত ছাড়া অন্য কোনো কারণে বদলি (সাবস্টিটিউট) ব্যাটার নামানোর নিয়ম নেই। ফলে সাদমান মাঠে নামতে না পারায় বাধ্য হয়েই ১০ জন ব্যাটার নিয়ে প্রথম ইনিংসের লড়াই চালিয়ে যেতে হচ্ছে স্বাগতিকদের।
সিলেট টেস্ট
প্রথম ইনিংসে ব্যাটিং অনিশ্চিত সাদমানের
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৭ঃ৫৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
