দেশে বর্তমানে যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য: ৭ই নভেম্বরের চেতনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিশন পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (ভিপিএসএসসি) সেমিনারটির আয়োজন করে।
এসময় সাখাওয়াত হোসেন নিজেকে ৭ নভেম্বরের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করে বলেন, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার ক্ষেত্রে কর্নেল (অব.) আবু তাহেরের ভূমিকা ছিল বলে জাসদের যে প্রচারণা রয়েছে, তা সঠিক নয়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন টু ফিল্ড আর্টিলারির সৈনিকেরা। তাদের সঙ্গে ছিলেন ফোর বেঙ্গলের সৈনিকেরা। জিয়াউর রহমানকে মুক্ত করার পর টু ফিল্ড আর্টিলারির কমান্ডিং অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ৭ নভেম্বরের ঘটনা নিয়ে অনেক বর্ণনা ও বিতর্ক রয়েছে , তাই ইতিহাস নিয়ে গবেষণার ক্ষেত্রে প্রকৃত তথ্য যাচাই করা জরুরি।
জিয়াউর রহমানের জনপ্রিয়তার কারণ তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমানের সততা, ব্যক্তিত্ব, সাহসিকতা ও নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ছিল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা (এই তথ্য নিয়ে যে বিতর্ক রয়েছে, তার সমাধান ইতিহাসবিদেরা করবেন বলে উল্লেখ করেন বক্তা) দেয়ার কারণে সেনাবাহিনীর বাঙালি কর্মকর্তাদের মধ্যে তিনি পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন। ৭ নভেম্বরের পর সাধারণ সৈনিকদের মধ্যে তিনি স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার কেন্দ্রে চলে আসেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ৭ নভেম্বরের সময় ঢাকায় সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সংখ্যা খুব কমে গিয়েছিল। বিপ্লবী সৈনিক সংস্থার কর্মকাণ্ডের কারণে অনেক কর্মকর্তা ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কর্নেল তাহের সেনাবাহিনী থেকে বের হয়ে জাসদে যোগ দেওয়ার পর বিপ্লবী সৈনিক সংস্থা ও গণবাহিনী গড়ে তুলেছিলেন। তখন সেনাবাহিনীর মধ্যে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের বিভাজন ছিল। জিয়াউর রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পক্ষকে একত্র করার উদ্যোগ নিয়েছিলেন। আওয়ামী লীগকেও (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতি করার সুযোগ দিয়ে সেই ঐক্যের প্রক্রিয়ায় যুক্ত করেছিলেন তিনি। আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন।
দেশের পররাষ্ট্রনীতি এখন আরও সুসংহত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তবে বাংলাদেশ এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। এ জন্য রাজনৈতিক নেতাদের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবেশী দেশের আধিপত্য এড়াতে আমাকে কাজ করতে হয়েছে। এ লক্ষ্যে দায়িত্বকালে তিনি তিনবার চীন সফর করেছিলেন।
এম সাখাওয়াত হোসেন
জাতীয় ঐক্য নিয়ে যে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছেন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ ঘন্টা আগে
৬ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৩ঃ৪৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
