সুর ও সংস্কৃতির বিকাশে এবং উদীয়মান প্রতিভা উন্মোচনে মৌলভীবাজার জেলাব্যাপী শুরু হতে যাচ্ছে আঞ্চলিক সংগীত প্রতিযোগিতা ‘সার্চ আইটি ভয়েস’। ‘সার্চ আইটি’-এর উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। গত বুধবার রাতে মৌলভীবাজার প্রেস ক্লাবের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শওকত হাসান খান এলিন, সৈয়দ মুনিম আহমেদ রিমন, মৃণাল কান্তি সরকার, সুজয় চৌধুরী, জন ক্রুজ প্রমুখ। আয়োজকরা জানান মৌলভীবাজার জেলার ১৪ থেকে ৩০ বছর বয়সী স্থানীয় অধিবাসী ও প্রতিভাবান সংগীতশিল্পীদের বিকাশ ঘটাতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রাথমিক ধাপে অভিজ্ঞ ও সম্মানিত বিচারকমণ্ডলী মৌলভীবাজার জেলার ৭টি থানায় সশরীরে উপস্থিত থেকে প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করবেন।
বাছাইকৃত সেরা শিল্পীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুণী বিচারকদের সামনে নিজেদের প্রতিভা পরিবেশন করবেন এবং চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ অর্থ ও সম্মাননার ব্যবস্থা রয়েছে।
১ম স্থান: নগদ এক লাখ টাকা। ২য় স্থান: নগদ পঁচাত্তর হাজার টাকা।
৩য় স্থান: নগদ পঞ্চাশ হাজার টাকা। ৪র্থ থেকে ১০ম স্থান (প্রত্যেকের জন্য): নগদ দশ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র। অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন অনলাইন (voice. searchitbd.net) ও অফলাইনে করা যাবে।
