নাটোরের লালপুরে পদ্মা নদীর চরাঞ্চলে আখের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পানসিপাড়া গ্রামে অভিযান চালায় এসআরবি। এ সময় পদ্মা নদীর উত্তরপাড়ের চরাঞ্চলে একটি আখের জমিতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি বস্তা তল্লাশি করে পিস্তল ও ম্যাগাজিনটি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
