মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়েছিল হাশেম, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বরুমতি ব্রিজের উপরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল হাশেম নামে এক কৃষকের নিতর দেহ। পরে পথচারীরা দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করলে চন্দনাইশ থানা পুলিশ তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রায় ৩০ মিনিট পর নিজের নাম-ঠিকানা ও পরিবারের মোবাইল নম্বর দিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোরে গাছবাড়িয়া কলেজ গেটস্থ বরুমতি ব্রিজের মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত হাশেম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বানু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে দোহাজারী চাগাচর এলাকার আঁখি আকতার আয়শা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক-দুই বছর পর তার ভাগের সম্পত্তি বিক্রি করে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে, তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে হাশেম বরুমতি ব্রিজ এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তার মৃত্যুর কারণও জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।