হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ তুলেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। গত বুধবার ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি এলাকায় জিটিসিএল’র নিরাপত্তাকর্মীদের নজরে আসে তেল চুরির বিষয়টি। পরে অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত বড় দু’টি পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দু’টি বড় গর্তের সন্ধান পাওয়া গেছে। জিটিসিএল’র নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলামকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের ওই এলাকায় যেতে বাধা দেন বলেও অভিযোগ করেন তিনি। জিটিসিএল’র আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলামসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুইদিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে। জিটিসিএল’র উপ-সহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে কনডেনসেট চুরি করা হতো।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি সদস্য ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিটিসিএল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
