দুর্গম সীমান্তে সাপের দংশনে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির দীঘিনালার ৭ বিজিবি’র দুর্গম সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিষধর সাপের দংশনে গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। আক্রান্ত ওই বিজিবি সদস্যের নাম মাহবুবুল আলম। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি খাগড়াছড়ির বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন পূর্ব লক্কাছড়া বিওপিতে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার রাত ১০টার দিকে পূর্ব লক্কাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ডিউটি পালনকালে হঠাৎ তাকে বিষধর সাপে দংশন করে। ঘটনার পর পরই বিওপিতে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে বিশেষ হেলিকপ্টারযোগে তাকে দ্রুত চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, বর্তমানে তিনি চট্টগ্রাম সিএমএইচের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার হাতে সাপের দংশনের চিহ্ন ও ফোলাভাব থাকলেও তিনি এখন শঙ্কামুক্ত ও আশঙ্কামুক্ত আছেন।