বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্নপূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার। ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নিয়েছিলো নয় হাজার টাকা। কিন্তু যাওয়ার আগে মায়ের কাছে আর মাত্র ১০০ টাকা চেয়েছিলেন পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথাকাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে অভিমান করে ঘরে চলে যায়। এরপর বন্ধ করে দেয় দরজা। পরে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে সাড়ে ৬টার দিকে ঘরে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লতিকা হেলেন পিংকি (১৮) বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে পিংকিকে মৃত ঘোষণা করা হয়। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
