সীতাকুণ্ডে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনের দায়ে তিন যুবককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা এলাকায় কেডিএস কারখানার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো— সোনাইছড়ি এলাকার মো. রিপন (৩৮), ইকরাম হোসেন (৪৩) ও আবদুর রহিম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আবদুর রশিদ প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় অধিদপ্তরের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।