মানিকগঞ্জে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভুয়া চিকিৎসক দিয়ে এক্স-রে রিপোর্ট তৈরির অভিযোগে চারটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। অভিযানে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি ও এক্স-রে বিভাগ সিলগালা করা হয়েছে। গতকাল দুপুরে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দীন।
জরিমানার তালিকায় রয়েছে— মানিকগঞ্জ অর্থোপেডিক্স হাসপাতালে (বাসস্ট্যান্ড কাঁচাবাজার সংলগ্ন) বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫৫ হাজার টাকা জরিমানা এবং এর প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়। স্বপ্ন হাসপাতালে ভুয়া চিকিৎসক দিয়ে এক্স-রে রিপোর্ট তৈরি ও অন্যান্য অনিয়মের অভিযোগে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে (খালপাড়) চরম দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখা এবং অপারেশন পরিচালনার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পরিবেশ নাজুক থাকায় হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। অ্যাপোলো হাসপাতালে অনুমোদন ও চিকিৎসাসেবা পরিচালনায় অনিয়ম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে ও প্যাথলজি কক্ষ সিলগালা করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দীন জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ আমলে নিয়েই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং আইন অনুযায়ী চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স নবায়ন এবং সেবার গুণগত মান যাচাইয়ে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনে অনিয়ম ধরা পড়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
