পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফেরা হলো না ইশরাত জাহান জুঁথি (১৬) নামের এক স্কুলছাত্রীর। নিখোঁজের দু’দিন পর বাড়ির পাশের ডোবায় মিললো বিবস্ত্র তার নিথর দেহ। গতকাল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আদন্দুয়ায় তার নিজ বসতবাড়ির ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুঁথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, গত মঙ্গলবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুঁথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে বাড়ি ফিরলেও সেদিন ফেরেনি। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে শিক্ষকরা জানান, জুঁথি সেদিন স্কুলে যায়নি। এরপর থেকেই স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে শুরু করেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর তাদের বাড়ির মমতাজ নামের এক নারীর পানের বরজের পাশে জুঁথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের নালার ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হয় এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
