সেনবাগ থানায় পুলিশের বিশেষ অভিযানে ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈয়দ নুর (৩৩) নামের এক মিনি ট্রাকের হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মিনি ট্রাক এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় ট্রাকচালক মো. শাহেদ (৩৫)। সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলনের নেতৃত্বে এসআই মো. আব্দুস সালাম ও এসআই মো. নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা যায়, রাতে কাবিলপুর ইউনিয়াধীন ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে নোয়াখালী থেকে ফেনীগামী রোডের দিকে দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাককে থামার সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে গাড়িটি থামালে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে। এ সময় হেলপার সৈয়দ নুরকে আটক করা সম্ভব হলেও চালক মো. শাহেদ অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে মিনি ট্রাকটি তল্লাশি করে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৬ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা। গ্রেপ্তার হেলপার সৈয়দ নুর জানায়, ইয়াবা ট্যাবলেটগুলো সে ও পলাতক চালক মো. শাহেদ মিলে ট্রাক মালিক মো. রবিউল আলম (৩২) এবং অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগীর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদী জেলায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
