ঘরোয়া কাবাডি নিয়ে ফেডারেশনের উদাসীনতার মধ্যেও স্থানীয় পর্যায়ে খেলাটির আয়োজন করে যাচ্ছেন সংগঠকেরা। সেই ধারাবাহিকতায় যশোর কাবাডি ক্লাবের আয়োজনে, মেঘনা কাবাডি ক্লাবের সহযোগিতায় এবং আনন্দ গ্রুপের পৃষ্ঠপোষকতায় যশোরে শুরু হতে যাচ্ছে আনন্দ গ্রুপ শহীদ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট। সাবেক কাবাডি খেলোয়াড়, সংগঠক ও কোচ প্রয়াত শহীদ মোল্লার স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চারটি দল।
দলগুলো হলো দক্ষিণবঙ্গ কাবাডি ক্লাব, খুলনা কাবাডি ক্লাব, মধুমতি কাবাডি ক্লাব ও যশোর কাবাডি ক্লাব। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে যশোরের অভয়নগর বনগ্রাম মাঠে।
