ছোট পর্দার দর্শকপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে এবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। নতুন একটি চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা। ছবির নাম ‘অপলক’। নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পরিচালক লিখেছেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’।
এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। নিশো ও মেহজাবীনের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি। পরিচালক জানিয়েছেন, ‘অপলক’ হবে ভালোবাসার গল্প। ছবিটির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরতে চান একটি সৎ, সরল ও হৃদয়ছোঁয়া রোমান্টিক গল্প। যেখানে প্রেমের অনুভূতির পাশাপাশি দর্শক খুঁজে পাবেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি।
এর আগে প্রথম সিনেমার ঘোষণা দিয়ে আগ্রহ তৈরি করেছিলেন আদনান আল রাজীব। তবে তখন সিনেমার নাম কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে কিছু জানাননি তিনি। ‘কাছে আসার গল্প’, ‘বিকেল বেলার পাখি’ ও ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’র মতো জনপ্রিয় নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তার সুনাম রয়েছে। অন্যদিকে, একসময় ছোট পর্দায় নিয়মিত জুটি হিসেবে কাজ করলেও বর্তমানে নিশো ও মেহজাবীন দু’জনই বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন।
