অভিনয় জগতে ২৮ বছরে পা দিয়েছেন দীপা খন্দকার। এই দীর্ঘ পথে ক্যারিয়ারের অনেক বাঁক বদল দেখেছেন তিনি। সাম্প্রতিক সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা ফুপুর চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দীপা। সামাজিক মাধ্যমে তাকে ‘জাতীয় ফুপু’ বলে আখ্যায়িত করেছেন অনেকেই। জনপ্রিয়তার মধ্যগগনে দাঁড়িয়ে সম্প্রতি দীপা খন্দকার সিদ্ধান্ত নিয়েছেন, খুব শিগগিরই পরিচালনায় আসছেন তিনি।
সম্প্রতি তিনি অতিথি হিসেবে অংশ নিয়েছেন সময়ের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে দীপা খন্দকার বলেছেন, অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে ইদানীং মনে হচ্ছে ২-৩টি নাটক পরিচালনা করতে পারলে মন্দ হবে না। গভীরভাবে ভাবছি, সবকিছু মিলে গেলে নতুন বছরেই পরিচালক হিসেবে আমার অভিষেক হবে। দীপা খন্দকার সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও যুক্ত হয়েছেন। যদিও এই ধারাবাহিকে অভিনেত্রী রোজী সিদ্দিকী যে চরিত্রে অভিনয় করছেন, শুরুতে সে চরিত্রেই তার অভিনয়ের কথা ছিল। দীপা খন্দকার বর্তমানে যে চরিত্রে অভিনয় করছেন, সেখানে ছিলেন সুমাইয়া শিমু। চোখের অসুস্থতার কারণে সুমাইয়া শিমু শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর পরিচালকের অনুরোধে মাত্র দুই ঘণ্টার মধ্যে নতুন চরিত্রে প্রবেশ করেন দীপা। পডকাস্টটি প্রযোজনায় জেড আই ফয়সাল।
