গণিতের আনন্দ, মেধার প্রতিযোগিতা আর উৎসবমুখর পরিবেশে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মজারু অ্যাবাকাস স্পিডমাস্টার সিজন-৪-এর গ্র্যান্ড ফিনালে। অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় ১০০ জন শিশু-কিশোর। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক, অতিথি ও আয়োজকসহ প্রায় ৫০০ জন উপস্থিতি ছিলেন।
‘হয়ে ওঠো মানব ক্যালকুলেটর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় শিশুদের দ্রুত ও নির্ভুল গণনার দক্ষতা, মনোযোগ এবং মানসিক সক্ষমতার পরীক্ষা নেয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় ক্ষুদে গণিতপ্রেমীদের মিলনমেলায়। এবারের প্রতিযোগিতায় দু’জন গ্র্যান্ড চ্যাম্পিয়ন এবং ১১ জন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। গ্র্যান্ড চ্যাম্পিয়নদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়। পাশাপাশি ১১ জন চ্যাম্পিয়ন প্রত্যেকে পেয়েছেন ১০ হাজার টাকা করে পুরস্কার। সব মিলিয়ে বিজয়ীদের জন্য দেওয়া হয় ২ লাখ ১০ হাজার টাকার নগদ পুরস্কার। এ ছাড়া তাদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট, মেডেল ও সনদপত্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান, পরিবেশকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুকিদ মজুমদার বাবু এবং পুষ্টিবিদ ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি।
এ ছাড়া উপস্থিত ছিলেন মজারুর চেয়ারম্যান কামাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আলাউদ্দিন ফারুকি প্রিন্স, প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, সাবেক অধ্যাপক ড. মো. জয়নুদ্দিন এবং প্যারেন্টিং কোচ ও মজারুর উপদেষ্টা আলী আদনান প্রমুখ। শিশুদের মেধা ও দক্ষতার বিকাশে কাজ করা মজারু একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার মাধ্যমে শিশুদের সম্ভাবনা বিকাশে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কোর্স ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
